ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জহিরুল হক মিলন, ফেনী: চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি হত্যা মামলায় ফেনীর পরশুরামের প্রবীণ ও কলম সৈনিক আবু ইউসুফ মিন্টুকে উদ্দেশ্যমূলকভাবে আসামি করার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ফেনীর সাংবাদিক সমাজ। এই ষড়যন্ত্রমূলক মামলা থেকে তাঁর নাম প্রত্যাহারের দাবিতে রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আবু ইউসুফ মিন্টু দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে প্রথম আলো, কালবেলা, নিউ এজসহ বিভিন্ন জাতীয় দৈনিকে অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করছেন। দুর্নীতি ও প্রভাবশালী মহলের বিরুদ্ধে সাহসী সংবাদ প্রকাশ করায় তাঁকে হয়রানি করতেই চট্টগ্রামের একটি পুরনো মামলায় আসামি করা হয়েছে। বক্তারা একে স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হস্তক্ষেপ বলে অভিহিত করেন।
উল্লেখ্য, ২০১৬ সালে রাঙ্গুনিয়ায় যুবদল কর্মী নবীউল্লাহ হত্যা মামলায় ২০১৭ সালে পুলিশ চার্জশিট দিলে আদালত তা খারিজ করে দেয়। কিন্তু গত বছরের ১৭ ডিসেম্বর উখিয়ার এক ব্যক্তি বাদী হয়ে আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদসহ ১০২ জনের বিরুদ্ধে নতুন করে মামলা করেন, যেখানে সাংবাদিক মিন্টুর নামও যুক্ত করা হয়েছে। অথচ ঘটনার সাথে বা ওই এলাকার রাজনীতির সাথে তাঁর কোনো দূরতম সম্পর্কও নেই বলে জানান সহকর্মীরা।
দৈনিক মানবজমিনের প্রতিনিধি শহীদুল আলম ইমরানের সভাপতিত্বে এবং এনটিভির তোফায়েল আহমেদ নিলয়ের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলার শীর্ষস্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৭ দিনের মধ্যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যদি সাংবাদিক মিন্টুর নাম প্রত্যাহার করা না হয়, তবে ফেনীসহ সারা দেশের সাংবাদিকদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশে ডিবিসি নিউজের আবু তাহের ভূঁঞা, বাংলাভিশনের রফিকুল ইসলাম, আরটিভির আজাদ মালদারসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ