ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর-৩ সংসদীয় এলাকায় বিশেষ বিধিনিষেধ জারি করা হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী এলাকার আওতাধীন সকল শুটিং ও পিকনিক স্পট, রিসোর্ট এবং হোটেল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।
রোববার (০৮ ফেব্রুয়ারি) শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সজীব আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, উল্লিখিত সময়ে এসব স্থানে কোনো ধরনের সভা-সমাবেশ, পিকনিক বা শুটিং সংক্রান্ত জনসমাগম করা যাবে না। গাজীপুর মহানগর পুলিশও (জিএমপি) একই ধরনের গণবিজ্ঞপ্তি জারি করে নিরাপত্তাঝুঁকি এড়াতে বিনোদনকেন্দ্রগুলোতে সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করেছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা সজীব আহমেদ জানান, গাজীপুর-৩ আসনের অধীনে অসংখ্য রিসোর্ট ও শুটিং স্পট থাকায় নির্বাচনের সময় বাইরের মানুষের অনাকাঙ্ক্ষিত সমাগম বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। ভোটারদের নিরাপত্তা ও ভোটগ্রহণ কার্যক্রম নির্বিঘ্ন রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে কোনো প্রতিষ্ঠান খোলা রাখা বা অনুষ্ঠান আয়োজন করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে নির্বাচনী বিধিমালা অনুযায়ী কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইতিমধ্যেই শ্রীপুর ও সদর উপজেলার সকল শুটিং স্পট, রিসোর্ট ও রেস্তোরাঁ মালিকদের কাছে এই নির্দেশনার অনুলিপি পৌঁছে দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব এলাকায় নিয়মিত টহল ও নজরদারি জোরদার করেছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ