ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ওয়াফিক শিপলু, শিবগঞ্জ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ধানের শীষের সমর্থনে এক অভূতপূর্ব গণমিছিল ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) শিবগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার লক্ষাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো উপজেলা ধানের শীষের গণমহাসমুদ্রে পরিণত হয়।
সকাল থেকেই উপজেলার মোকামতলা, বুড়িগঞ্জ, কিচক, পিরব, দেউলীসহ বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নির্দিষ্ট পয়েন্টগুলোতে সমবেত হতে থাকেন। ধানের শীষের মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের নেতৃত্বে এই বিশাল মিছিলটি শিবগঞ্জ সদরের প্রধান প্রধান সড়ক ও হাটবাজার প্রদক্ষিণ করে। ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখরিত মিছিলে সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মীর শাহে আলম বলেন, “শিবগঞ্জের মানুষ গত ১৭ বছর কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। এই গণজোয়ার প্রমাণ করে মানুষ আজ ভোটাধিকার আর ন্যায়বিচারের জন্য ঐক্যবদ্ধ। আমি নির্বাচিত হলে অবহেলিত শিবগঞ্জকে একটি আধুনিক, পর্যটনবান্ধব ও শিল্পসমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলব।” তিনি মহাস্থানগড় ও শাহ সুলতান মাহমুদ বলখী (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন।
দিনভর এই কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকলেও কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির এই বিশাল শোডাউন ভোটের মাঠে দলটির অবস্থানকে আরও সুদৃঢ় করেছে এবং সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক প্রভাব ফেলেছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ