ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো: কোরবান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের চরপাড়া গ্রামে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে জহুরুল ইসলাম ও তাঁর ছেলে মারজানকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতা ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি প্রদর্শন এবং রাজনৈতিকভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। এই ঘটনায় বর্তমানে ওই এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সদ্য সমাপ্ত নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জেরে তাঁদের ওপর এই হামলা চালানো হয়। তবে ঘটনার পর থেকে একটি মহল বিষয়টি নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু করেছে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের ভাষ্যমতে, হামলার পর জহুরুল ইসলামের আত্মীয়-স্বজনদের ডেকে নিয়ে চাপ প্রয়োগ করা হচ্ছে। তাঁদের বলা হচ্ছে— "জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতা ও বাংলাদেশ ন্যাপের মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক টাকা দিয়ে এই হামলা করিয়েছেন"— এমন মিথ্যা স্বীকারোক্তি দিলে মামলা থেকে নাম বাদ দেওয়া হবে। অন্যথায় তাঁদের কঠোর পরিণতির হুমকি দেওয়া হচ্ছে। ভুক্তভোগীদের দাবি, যেভাবেই হোক ইঞ্জিনিয়ার আব্দুল বারিককে এই ঘটনায় জড়ানোর জন্য স্থানীয় একটি চক্র মরিয়া হয়ে উঠেছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন যে, এই হামলার ঘটনার সাথে ইঞ্জিনিয়ার আব্দুল বারিকের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এদিকে অভিযোগ উঠেছে, প্রায় প্রতিদিন ১৫-২০টি মোটরসাইকেল নিয়ে ভুক্তভোগীদের বাড়ির সামনে মহড়া দেওয়া হচ্ছে। এর ফলে জহুরুল ইসলাম, তাঁর ছেলে মারজানসহ পরিবারের অন্য সদস্যরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রতিনিয়ত ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়ার কারণে তাঁরা ঘর থেকে বের হতে পারছেন না বলেও জানা গেছে।
এ বিষয়ে অভিযুক্ত পক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সচেতন মহল মনে করছে, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে একজন নিরপরাধ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদের নাম মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা অত্যন্ত নিন্দনীয়। তাঁরা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন। ভুক্তভোগী পরিবারটি বর্তমানে প্রাণভয়ে দিন কাটাচ্ছে এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।
মো: কোরবান আলী/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ