ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ দুলাল সরকার, গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: মুন্সিগঞ্জের পূর্ণিমা ফিলিং স্টেশন সংলগ্ন ‘আজম স্টোর’ নামের একটি মুদি দোকানে চুরির ঘটনার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই অভিযানে আন্তজেলা চোর চক্রের সদস্য জাহাঙ্গীর ওরফে ‘আবুল ডাক্তার’সহ তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরিকৃত প্রায় ৭০ হাজার টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট।
পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে চোরেরা দোকানের তালা ভেঙে ক্যাশ বাক্স থেকে ১০ হাজার টাকা ও তিন বস্তা সিগারেট নিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগী দোকানদারের অভিযোগের ভিত্তিতে মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযানে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. হাসান (২১), শাহজাহান গাজী (৪০) ও জাহাঙ্গীর ওরফে আবুল ডাক্তারকে (৪৬) গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে মালির পাথর এলাকায় শাহজাহান গাজীর বাড়িতে তল্লাশি চালিয়ে ৬৯ হাজার ৫৮৫ টাকা মূল্যের উদ্ধারকৃত সিগারেটগুলো জব্দ করা হয়। ওসি মো. মমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ