নির্বাচনী অনিয়ম ও সহিংসতার বিচার চেয়ে রিটার্নিং কর্মকর্তাকে মজিবুর রহমান মঞ্জুর চিঠি

নির্বাচনী অনিয়ম ও সহিংসতার বিচার চেয়ে রিটার্নিং কর্মকর্তাকে মজিবুর রহমান মঞ্জুর চিঠি

জহিরুল হক মিলন, ফেনী: নির্বাচনী প্রচারণায় বাধা, ভোটগ্রহণের দিনে সহিংসতা এবং নির্বাচন-পরবর্তী হামলার বিচার ও প্রতিকার চেয়ে ফেনীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হককে চিঠি দিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ফেনী-০২ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের এই প্রার্থীর পক্ষে চিঠিটি হস্তান্তর করেন তাঁর প্রধান নির্বাচনী এজেন্ট এএনএম আব্দুর রহিম। এ সময় জামায়াতে ইসলামীর জেলা আমির মুফতি আব্দুল হান্নান, এবি পার্টির জেলা সদস্য সচিব ফজলুল হক ও খেলাফত মজলিশের জেলা সভাপতি মাওলানা মোজাফফর হোসেনসহ জোটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চিঠিতে মজিবুর রহমান মঞ্জু অভিযোগ করেন, বিভিন্ন ইউনিয়নে তাঁর নির্বাচনী প্রচারে পরিকল্পিতভাবে বাধা দেওয়া হয়েছে এবং ম্যাজিস্ট্রেট কর্তৃক তাঁকে অন্যায়ভাবে জরিমানা করা হয়েছে। এছাড়া নির্বাচনী ক্যাম্প ভাঙচুর, নারী কর্মীদের নাজেহাল এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। তিনি উল্লেখ করেন, নির্বাচনের দিন লেমুয়া ইউনিয়নের মজুমদার হাটে তাঁর নিজের ওপর হামলা চেষ্টা ও নাজেহালের ঘটনা ঘটে। পাশাপাশি ঈগল প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্টকে হত্যাচেষ্টা এবং বিএনপি নেতাকর্মীদের মারধর করার অভিযোগও আনেন তিনি। চিঠিতে আরও দাবি করা হয়, অব্যাহত হুমকির মুখে মানসিক চাপে ঈগলের এক কর্মী আত্মহত্যা করেছেন।

মঞ্জু তাঁর অভিযোগে আরও জানান, শর্শদী, ফরহাদ নগর, বালিগাঁও ও মোটবিসহ বিভিন্ন এলাকায় এখনো ভোটার ও কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে এবং ব্যবসা প্রতিষ্ঠান খুলতে বাধা প্রদান করা হচ্ছে। এমনকি কোথাও কোথাও ককটেল হামলা পর্যন্ত চালানো হয়েছে। মজিবুর রহমান মঞ্জু এসব ঘটনার সুষ্ঠু বিচার এবং তাঁর ভোটার ও কর্মীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন। চিঠির অনুলিপি প্রধান নির্বাচন কমিশনার, আইজিপি ও বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

জে.এইচ.এম/সকালবেলা

মন্তব্য করুন