বেলকুচিতে ভোটারদের হুমকি ও মারধর: দুই বিএনপি নেতার পদ স্থগিত

বেলকুচিতে ভোটারদের হুমকি ও মারধর: দুই বিএনপি নেতার পদ স্থগিত

মোঃ সেরাজুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে ভোটারদের হুমকি প্রদান ও মারধরের অভিযোগে দুই বিএনপি নেতার দলীয় পদ স্থগিত করা হয়েছে। জেলা বিএনপির কাছে প্রাপ্ত অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

পদ স্থগিত হওয়া নেতারা হলেন—বেলকুচি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মণ্ডল এবং জাতীয়তাবাদী সাইবার দলের বেলকুচি পৌর শাখার সাংগঠনিক সম্পাদক শিহাব মণ্ডল।

গত রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত পৃথক দুটি চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত হওয়া এবং সাধারণ ভোটারদের সঙ্গে অশোভন আচরণের দায়ে তাঁদের পদ স্থগিত করা হলো।

জেলা বিএনপি নেতারা জানিয়েছেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্নকারী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে এই কঠোর অবস্থান বজায় থাকবে। এ ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

এস.আই/সকালবেলা

মন্তব্য করুন