ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নাজিয়াত হোসেন, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফের ধানের শীষ প্রতীকের সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় টাউন ফুটবল মাঠে আয়োজিত এই সভায় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ চুয়াডাঙ্গার উন্নয়নের জন্য বড় ধরণের পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, “নির্বাচিত হলে চুয়াডাঙ্গায় একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। এছাড়া চুয়াডাঙ্গাকে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা হবে।” তিনি আরও জানান, বিএনপি সরকার গঠন করলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মককুফ করা হবে এবং প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড ও নাগরিকদের জন্য বিশেষ স্বাস্থ্য কার্ডের সুবিধা দেওয়া হবে।
বক্তব্যের এক পর্যায়ে আবেগাপ্লুত হয়ে শরীফুজ্জামান শরীফ বলেন, “বিগত দিনে আমার বা আমার কোনো সহকর্মীর কাছ থেকে কোনো মানুষ যদি সামান্যতম কষ্ট পেয়ে থাকেন, তবে আমি আজ করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি।” তিনি দাবি করেন, চুয়াডাঙ্গার মানুষ ঐতিহাসিকভাবেই বিএনপির উন্নয়ন ও সুশাসনের পক্ষে রায় দিয়ে আসছে এবং আগামী ১২ ফেব্রুয়ারি তার ব্যতিক্রম হবে না।
জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলার সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন—কেন্দ্রীয় নেতা কর্নেল (অব.) কামরুজ্জামান আজাদ, খন্দকার আব্দুল জব্বার সোনা, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি এবং আলহাজ্ব সাহেদুজ্জামান টরিক সিআইপি। এছাড়া বাড়াদী ইউপি চেয়ারম্যান তবারক হোসেনসহ জেলা ও উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
জনসভা শেষে একটি বিশাল মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। নেতাকর্মীদের স্লোগান ও ধানের শীষের মিছিলে শহরজুড়ে এক নির্বাচনী আমেজ সৃষ্টি হয়।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ