রায়পুরায় গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা

রায়পুরায় গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা

মো. নুরনবী সানি, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে রফিকুল ইসলাম (৫০) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা গ্রামের মঙ্গল মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী হওয়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে সামাজিক বিচার-সালিশেও বেশ সক্রিয় ছিলেন। তাঁর স্ত্রী ওই ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য।

স্বজন ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে চরমধুয়া বাজার থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন রফিকুল। পথে গাজীপুরা এলাকায় আগে থেকেই ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলির শব্দ ও চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ওই এলাকার দুটি পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

নির্বাচনী ডামাডোলের মধ্যে এমন হত্যাকাণ্ডের ঘটনায় চরমধুয়া এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মন্তব্য করুন