ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
গোলাম রব্বানী, জয়পুরহাট: দেশে বিভাজনের কোনো রাজনীতি নয়, বরং সবার জন্য সমান অধিকার ও মর্যাদার ভিত্তিতেই নতুন সমাজ গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জয়পুরহাট-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বেল আমলা এলাকার একশিব, বারোশিব ও পাঁচমন্দির পরিদর্শন শেষে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। জয়পুরহাট-১ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে বিজয়ী হওয়ার পর এই প্রথম তিনি ধর্মীয় স্থাপনাগুলো পরিদর্শনে যান।
পরিদর্শনকালে সংসদ সদস্য সাঈদ হিন্দু সম্প্রদায়ের মানুষের খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি বলেন, “সংখ্যালঘু বলে কোনো আলাদা কনসেপ্ট আমরা বাংলাদেশে দেখতে চাই না। আমরা সবাই এদেশের নাগরিক এবং সবার সমান অধিকার নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।”
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হলে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের বিভেদ বা উসকানি যেন সমাজে অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করেন।
পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা নবনির্বাচিত সংসদ সদস্যের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মন্দির পরিদর্শনের মাধ্যমে সম্প্রীতির যে বার্তা তিনি দিয়েছেন, তা এলাকায় অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে।
জি.আর/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ