তারেক রহমানের হাতেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ: সোনাগাজীতে মিন্টু

তারেক রহমানের হাতেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ: সোনাগাজীতে মিন্টু

ফেনী প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে ধানের শীষের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, “এই মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব একমাত্র তারেক রহমানের হাতেই নিরাপদ। দেশ পরিচালনায় তাঁর যে অভিজ্ঞতা রয়েছে, তা কাজে লাগিয়ে তিনি দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে পারবেন।” সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সোনাগাজী সরকারি মোহাম্মদ ছাবের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভোটারদের সজাগ থাকার আহ্বান জানিয়ে আবদুল আউয়াল মিন্টু বলেন, “আগামী ১২ তারিখ তাহাজ্জুদ ও ফজরের নামাজ পড়েই ভোট কেন্দ্রে যাবেন। ভোট কেন্দ্র পাহারা দিতে হবে এবং রেজাল্ট স্লিপ নিয়েই বাড়ি ফিরবেন। কেউ যেন অপকৌশল করে আপনাদের ভোটাধিকার হরণ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।”

 এলাকার উন্নয়নে নিজের অঙ্গীকার ব্যক্ত করে মিন্টু বলেন, “জীবনের বাকি সময়টুকু আমি আপনাদের সেবা করে কাটাতে চাই। নির্বাচিত হলে লালপুলে ফ্লাইওভার নির্মাণ, সোনাগাজীতে গ্যাস সংযোগ প্রদান, খাল খনন, সেচ ব্যবস্থার উন্নয়ন, একটি মহিলা কলেজ নির্মাণ এবং সোনাগাজী সরকারি কলেজে অনার্স কোর্স চালুর মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন করা হবে।” তিনি সোনাগাজী ও দাগনভূঞার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে জনসভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ জনি ও অ্যাডভোকেট শাহানা আক্তার শানুসহ জেলা ও উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্মান রক্ষার্থে ফেনী-৩ আসনে আবদুল আউয়াল মিন্টুকে বিপুল ভোটে জয়ী করার অঙ্গীকার করেন।

বিকেলে জনসভাস্থলটি নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়। ধানের শীষের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সোনাগাজী শহর।

মন্তব্য করুন