চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্রের সামনে থেকে জামায়াত নেতা আটক

চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্রের সামনে থেকে জামায়াত নেতা আটক

সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় একটি ভোটকেন্দ্রের সামনে থেকে নগদ টাকাসহ শরীফ নামের এক জামায়াত নেতাকে আটক করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আটককৃত শরীফ চুয়াডাঙ্গা পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে শহরের হাসপাতাল রোডের রিজিয়া খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার সময় তার কাছ থেকে নগদ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার পর রিজিয়া খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের আনাগোনা বাড়তে থাকে। এ সময় ওই কেন্দ্রের সামনে বিএনপির সমর্থকদের হাতে জামায়াতের নারী কর্মীসহ দুইজন সমর্থক আটক হন। খবর পেয়ে ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি শরীফ সেখানে উপস্থিত হলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে তার কাছে বিপুল পরিমাণ নগদ টাকা পাওয়া গেলে স্থানীয়রা তাকে অবরুদ্ধ করে ফেলে।

পরিস্থিতি উত্তপ্ত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ। তিনি পরিস্থিতির নিয়ন্ত্রণ নেন এবং জামায়াত নেতা শরীফের দেহ তল্লাশি করে নগদ ৭৯ হাজার টাকা উদ্ধার করেন। এরপর ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার বা অর্থ বিতরণের সন্দেহে তাকে নগদ টাকাসহ আটক করা হয়। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করলেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করে ভোটগ্রহণ স্বাভাবিক রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন