মুন্সীগঞ্জে পূর্ব বিরোধের জেরে কিশোরের ওপর হামলা, থানায় অভিযোগ

মুন্সীগঞ্জে পূর্ব বিরোধের জেরে কিশোরের ওপর হামলা, থানায় অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নে পূর্ব বিরোধের জেরে মনির মিয়া (১৬) নামের এক কিশোরের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে মুন্সীগঞ্জ সদর থানায় ৮ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর মা সাফিয়া বেগম।

অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ১০টার দিকে দয়ালবাজার মসজিদ সংলগ্ন এলাকায় সাফিয়া বেগমের ছেলে মনির মিয়াকে একা পেয়ে একদল যুবক দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে পুরনো বিরোধের সূত্র ধরে মামুন, শাহীন, বুলবুলসহ অভিযুক্তরা এই অতর্কিত হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়রা আহত মনিরকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

অভিযোগকারী সাফিয়া বেগম বলেন, "পূর্ব বিরোধের জেরে আমার ছেলেকে একা পেয়ে তারা মারধর ও গুরুতর আহত করেছে। আমি এই অন্যায়ের বিচার চাই।"

মুন্সীগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা সজিব দে জানান, ভুক্তভোগীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন