নোয়াখালীতে আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙালো নেতা-কর্মীরা, কিছুক্ষণ পরই উদাও

নোয়াখালীতে আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙালো নেতা-কর্মীরা, কিছুক্ষণ পরই উদাও

মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী: নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙে প্রধান ফটকে ব্যানার টাঙানোর ঘটনা ঘটেছে। তবে প্রশাসনের হস্তক্ষেপে বা অজ্ঞাত কারণে কিছুক্ষণ পরই সেই ব্যানার সরিয়ে ফেলা হয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জেলা শহর মাইজদীর টাউন হল মোড় এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয় এবং ব্যাপক ভাঙচুর চালায়। এরপর থেকেই কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলছিল। বুধবার ভোরে আকস্মিক কয়েকজন যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। একপর্যায়ে তারা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং ‘নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়’ লেখা একটি নতুন ব্যানার প্রধান ফটকে টাঙিয়ে দেন। এ সময় তারা দলীয় স্লোগানও দেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শহরজুড়ে উত্তেজনা ও কৌতূহলের সৃষ্টি হয়।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, ভোরে কিছু লোক সেখানে ব্যানার টাঙিয়েছিল। বিষয়টি পুলিশের নজরে আসার পরপরই পদক্ষেপ নেওয়া হয় এবং ঘটনার কিছুক্ষণ পরই ব্যানারটি সেখান থেকে সরিয়ে ফেলা হয়। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছে।

দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর হঠাৎ করে দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের এমন ঝটিকা প্রবেশ এবং ব্যানার টাঙানোকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন