নির্বাচিত হলে নিষ্ঠা ও ইনসাফের সাথে ফেনীর প্রতিনিধিত্ব করব: মজিবুর রহমান মঞ্জু

নির্বাচিত হলে নিষ্ঠা ও ইনসাফের সাথে ফেনীর প্রতিনিধিত্ব করব: মজিবুর রহমান মঞ্জু

ফেনী প্রতিনিধি: জনগণের ভোটে নির্বাচিত হলে নিষ্ঠা, সততা এবং ইনসাফের সাথে ফেনীবাসীর প্রতিনিধিত্ব করার অঙ্গীকার করেছেন এবি পার্টির চেয়ারম্যান ও ফেনী-০২ আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী মজিবুর রহমান মঞ্জু। সোমবার রাতে নিজের প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত প্রচার অভিযান সমাপনী সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, “ফেনীতে ঈগলের পক্ষে গণজোয়ার উঠেছে। কেউ যদি এই জোয়ার রুখতে জনতার ভোটাধিকার বাধাগ্রস্ত করতে চায়, তবে জনগণকে নিয়েই তা প্রতিরোধ করা হবে।” তিনি অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রতিশ্রুতি দিয়েও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ রক্ষা করছেন না। বিভিন্ন স্থানে নারী ও ধর্মীয় সংখ্যালঘুদের ভয়ভীতি দেখানো এবং নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হচ্ছে। তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, কোনো বাধা আসলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে; সাড়া না পেলে জনতাকে সাথে নিয়ে তা রুখে দেওয়া হবে।

ফেনীর উন্নয়নে নিজের মহাপরিকল্পনার কথা তুলে ধরে মঞ্জু বলেন, ফেনীতে স্থায়ী বন্যা নিয়ন্ত্রণে সাড়ে চার হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে। এই প্রকল্প সঠিকভাবে বাস্তবায়নে একজন দুর্নীতিমুক্ত প্রতিনিধি প্রয়োজন। এছাড়া তিনি ফেনীতে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বিমানবন্দর, সেনা ব্রিগেড এবং লালপোল ও রেলক্রসিং ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, জলাবদ্ধতা, কিশোর গ্যাং, গ্যাস সংকট এবং যানজট নিরসনে তাঁর কাছে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা রয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি ১১-দলের প্রতীক ‘ঈগল’ এবং গণভোটে ‘হ্যাঁ’ বক্সের পক্ষে রায় চেয়ে মঞ্জু আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “নতুন প্রার্থী হিসেবে নতুন ধারার রাজনীতি ও উন্নয়নের সূচনা করতে চাই।” একইসাথে তিনি প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, সাবেক আমির একেএম শামসুদ্দিন, নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ এবং এনসিপি ও খেলাফত মজলিসসহ ১১-দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন