শাহজাদপুরে বিএনপি নেতা নান্নু স্মরণে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শাহজাদপুরে বিএনপি নেতা নান্নু স্মরণে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হাবিবুল্লাহ নগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রয়াত শহিদুল ইসলাম নান্নু স্মরণে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রতনকান্দি দক্ষিণপাড়া মাঠে ‘সংস্কার ফেডারেশন’-এর উদ্যোগে এই ম্যাচটি সম্পন্ন হয়।

লীগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দল—রয়েল স্ট্রাইকার্স ও আইয়ুব ব্রাদার্স ফাইনালে মুখোমুখি হয়। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে আইয়ুব ব্রাদার্সের ব্যাটাররা নির্ধারিত ১২ ওভারে ১৬৩ রানের বিশাল স্কোর দাঁড় করায়। ১৬৪ রানের জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমে রয়েল স্ট্রাইকার্স ১১৭ রানেই থমকে যায়। ফলে ৪৭ রানের বড় ব্যবধানে জয়লাভ করে আইয়ুব ব্রাদার্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মনি শেখ। টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন মো. আব্দুল্লাহ। খেলা শুরুর আগে প্রয়াত নেতা নান্নুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হারুন অর রশিদ, রাজু আহমেদ, অ্যাডভোকেট রাশেদুল ইসলাম, সানোয়ার হোসেন, দীপক ঘোষ, যুবদল নেতা জাহিদ, লিখন ঘোষ ও জাহিদ হোসেনসহ আরও অনেকে। আম্পায়ারের দায়িত্ব পালন করেন সংস্কার ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মেরাজ হোসেন রিঙ্কু ও নায়েব আলী।

শীতকালীন এই জমজমাট ফাইনাল ম্যাচটি উপভোগ করতে মাঠে কয়েক হাজার উৎসুক দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

মন্তব্য করুন