সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিএনপিতে জায়গা নেই: নুরুল ইসলাম মণি

সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিএনপিতে জায়গা নেই: নুরুল ইসলাম মণি

মোঃ সোহেল রানা, বেতাগী: “সন্ত্রাসী, চাঁদাবাজ ও সংখ্যালঘু নির্যাতনকারীদের জায়গা বিএনপিতে নেই। তারা যতই প্রবেশের চেষ্টা করুক, বিএনপিতে তাদের কখনোই ঠাঁই হবে না। নির্বাচিত হলে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে নদী ভাঙন রোধ ও রাস্তাঘাটের উন্নয়নে কাজ করা হবে।”

বরগুনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম মণি তাঁর শেষ নির্বাচনী জনসভায় এসব কথা বলেন। বেতাগী উপজেলা বিএনপির উদ্যোগে বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই জনসভা বিশাল জনসমুদ্রে পরিণত হয়।

উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. শাহজাহান কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম মণি আরও বলেন, বিএনপি মানুষের অধিকার আদায়ের রাজনীতি করে, কোনো প্রকার অন্যায়ের প্রশ্রয় দেয় না।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরগুনা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মো. ফজলুল রহমান, নুরুল ইসলাম মণির পুত্র আশিকুল সালেহীন, পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হুমায়ূন কবির মল্লিক, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এস.এম নুরুল ইসলাম পান্না এবং পৌর বিএনপির সদস্য সচিব হাবীবুরসহ জেলা, উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এস.আর/সকালবেলা

মন্তব্য করুন