রমজানের পবিত্রতা রক্ষায় ঈদগাঁওতে প্রেসক্লাব ও অনলাইন প্রেসক্লাবের র‍্যালি ও আলোচনা

রমজানের পবিত্রতা রক্ষায় ঈদগাঁওতে প্রেসক্লাব ও অনলাইন প্রেসক্লাবের র‍্যালি ও আলোচনা

সায়মন সরওয়ার কায়েম, কক্সবাজার: ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম বিধান পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরা এবং মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বানে কক্সবাজারের ঈদগাঁওতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ঈদগাঁও প্রেসক্লাবের আয়োজনে এবং ঈদগাঁও অনলাইন প্রেসক্লাবের অংশগ্রহণে এই কর্মসূচি বাস্তবায়িত হয়। অনুষ্ঠানের বক্তারা রোজা বা সাওমের মূল শিক্ষা—তাকওয়া অর্জন ও আত্মশুদ্ধির ওপর গুরুত্বারোপ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবি জানান।

ঈদগাঁও বাজারের শাপলা চত্বরে আয়োজিত আলোচনা পর্বে সভাপতিত্ব করেন ঈদগাঁও প্রেসক্লাব ও ঈদগাঁও অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম। সংগঠন দুটির সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিনের সঞ্চালনায় এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত। আলোচনায় অংশ নেন ঈদগাঁও প্রেসক্লাবের সহ-সভাপতি হাফেজ মো. তৈয়ব জালাল, গোমাতলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলম বিএসসি, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার জেলা সভাপতি নুরুল আমিন হেলালী ও রামু উপজেলার সাংবাদিক কামাল শিশির। এছাড়া বক্তব্য রাখেন ঈদগাঁও অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বশিরুজ্জামান, প্রবাসী শামসুল আলম, বৃহত্তর ঈদগাঁও সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী ও সংখ্যালঘু প্রতিনিধি চন্দন পাল বাবু প্রমুখ।

বক্তারা পবিত্র রমজানে দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখা এবং ব্যবসায়ীদের সিন্ডিকেটবাজি বন্ধ করার আহ্বান জানান। র‍্যালিতে ‘সুদ-ঘুষ নিপাত যাক, মাহে রমজান দিচ্ছে ডাক’ এবং ‘সংযম ও ত্যাগের মহিমায়, রমজান আসুক সবার হৃদয়ে’—এমন বিভিন্ন স্লোগান দিয়ে জনসচেতনতা তৈরি করা হয়। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি ঈদগাঁও বাজারের প্রধান সড়ক ডিসি রোড প্রদক্ষিণ করে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় গেটে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সিরাজুল হক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা হেলালী, কাজী নুরুল আলম, কাজী মুহিবুল্লাহ নিজামি ও শিক্ষক রুহুল আমিন। সাংবাদিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন এম শফিউল আলম আজাদ, এম আবু হেনা সাগর, এম ছরওয়ার সিফা, নাছির উদ্দিন পিন্টু ও আজিজুর রহমান রাজু। এছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সচেতন নাগরিকরা কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন।

সায়মন সরওয়ার কায়েম/সকালবেলা

মন্তব্য করুন