ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ মিজানুর রহমান, (চকরিয়া-পেকুয়া) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী একজন মুক্তিযোদ্ধাকে দলে ভিড়িয়ে নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে জাহির করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ। তিনি এই প্রক্রিয়াকে জনগণের সাথে ‘প্রতারণা ও ভণ্ডামি’ বলে অভিহিত করেছেন।
মঙ্গলবার দুপুরে চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলার জঙ্গলকাটা এলাকায় আয়োজিত এক নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “যারা একাত্তরে সরাসরি বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, আজ তারাই নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির নীল নকশা করছে। গতকাল জামায়াত আমিরের বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে যে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে, তা চরম ধৃষ্টতা। তারা বলছে কর্নেল অলি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন—এটি সম্পূর্ণ অসত্য।”
তিনি আরও যোগ করেন, জামায়াত আজ মুক্তিযোদ্ধাকে ভাড়া করে স্বাধীনতার সপক্ষে নিজেদের অবস্থান দেখানোর চেষ্টা করছে। কিন্তু দেশের প্রকৃত মুক্তিযোদ্ধারা এই ধোঁকাবাজি মেনে নেবে না। জামায়াতের নারী নীতি ও কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্যের সমালোচনা করে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, তারা নারীদের কর্মসংস্থান ধ্বংস করার গভীর ষড়যন্ত্র করছে, যা নারী সমাজের জন্য চরম অবমাননাকর।
মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান চৌধুরী টিপুর সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহীম চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী এবং মাতামুহুরী বিএনপির সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজ। বক্তারা বলেন, যারা স্বাধীনতার ইতিহাস নিয়ে বিভ্রান্তি ছড়াতে চায়, চকরিয়া-পেকুয়ায় তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ