ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
প্রতিনিধি, গলাচিপা (পটুয়াখালী): তারেক রহমানের নেতৃত্বে সম্প্রীতি ও উন্নয়নের জনপদ গড়ে তোলার অঙ্গীকার করেছেন পটুয়াখালী-৩ আসনে বিএনপি মনোনীত জোট প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শেষ নির্বাচনী জনসভায় তিনি এ ঘোষণা দেন।
জনসভায় ভিপি নুর হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্য করে বিশেষ বার্তা দেন। তিনি বলেন, “আপনাদের নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য ও সম্মান রক্ষার দায়িত্ব আমাদের। কেউ যদি আপনাদের দিকে বাঁকা চোখে তাকায়, আমরা দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে দাঁড়াব।” এই জনপদকে সম্প্রীতি ও ন্যায়ের উদাহরণ হিসেবে গড়ে তোলার জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
নিজের নির্বাচনী ইশতেহার ও পরিকল্পনার কথা তুলে ধরে ভিপি নুর বলেন, এই এলাকার প্রধান সমস্যা যোগাযোগ ও স্বাস্থ্যসেবা। পরিকল্পিত রাস্তাঘাট নির্মাণের পাশাপাশি দুই উপজেলার হাসপাতালকে আধুনিকায়ন করে ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা নিশ্চিত করা হবে। এছাড়া কৃষক যেন তরমুজসহ অন্যান্য ফসলের ন্যায্যমূল্য পায় এবং জেলেরা যেন কোনো হয়রানি ছাড়াই কাজ করতে পারে, সেই ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন তিনি। বেকারত্ব দূর করতে তরুণদের কর্মসংস্থান ও কারিগরি শিক্ষার ওপর জোর দেওয়ার কথাও জানান এই তরুণ নেতা।
ভোটারদের উদ্দেশ্যে নুর বলেন, পটুয়াখালী-৩ আসনে বর্তমানে যে রাজনৈতিক বাস্তবতা, তাতে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলে ভবিষ্যতে এই এলাকার মানুষের জন্য দুর্ভোগ অপেক্ষা করছে। তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে আগামী জাতীয় সরকারে এই অঞ্চলের শক্তিশালী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আগামী ১২ তারিখ 'ট্রাক' মার্কায় ভোট দিন।” তিনি নিজেকে এই জনপদের সন্তান হিসেবে পরিচয় দিয়ে ভোটারদের কাছে দোয়া ও সমর্থন চান।
উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় গণঅধিকার পরিষদ ও বিএনপির জেলা-উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভার শেষে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে পুরো এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ