রংপুর-৪ আসনে ভোট পুনঃগণনার দাবি আবু নাসের শাহ মাহাবুবার রহমানের

রংপুর-৪ আসনে ভোট পুনঃগণনার দাবি আবু নাসের শাহ মাহাবুবার রহমানের

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা–কাউনিয়া) আসনের নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করে ভোট পুনঃগণনার জোর দাবি জানিয়েছেন জাতীয় পার্টির (লাঙ্গল প্রতীক) প্রার্থী আবু নাসের শাহ মোঃ মাহাবুবার রহমান। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পীরগাছায় তার নিজ বাসভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে মাহাবুবার রহমান অভিযোগ করেন, নির্বাচনের দিন বিভিন্ন ভোটকেন্দ্রে ফলাফল গণনার সময় তার পোলিং এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। এছাড়া অনেক কেন্দ্রে ফলাফল শিটে এজেন্টদের স্বাক্ষর ছাড়াই একতরফাভাবে ফল ঘোষণা করার অভিযোগ তোলেন তিনি। তিনি দাবি করেন, তার কাছে থাকা এজেন্টদের দেওয়া তথ্যের সাথে নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলের ব্যাপক অমিল রয়েছে।

জাতীয় পার্টির এই প্রার্থী বলেন, “পীরগাছা ও কাউনিয়ার প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সমর্থন আমি দেখেছি, ঘোষিত ফলাফলে তার প্রতিফলন ঘটেনি। গণতান্ত্রিক মূল্যবোধ ও ভোটাধিকার রক্ষার স্বার্থে আমি এই আসনের সকল কেন্দ্রের ভোট পুনরায় গণনার দাবি জানাচ্ছি।” তিনি আরও জানান, এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ খুব শীঘ্রই নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করা হবে।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে রংপুর-৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ১১ দলীয় জোট ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আখতার হোসেন (শাপলা কলি প্রতীক)। তিনি পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এমদাদুল হক ভরসা (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৫৬৪ ভোট। অন্যদিকে জাতীয় পার্টির আবু নাসের শাহ মোঃ মাহাবুবার রহমান লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৬৬৪ ভোট।

সংবাদ সম্মেলনে মাহাবুবার রহমান দলীয় নেতা-কর্মীদের ধৈর্য ধারণ করার পরামর্শ দেন এবং শান্তিপূর্ণভাবে নিজেদের অবস্থান জানান দেওয়ার আহ্বান জানান। এ সময় জাতীয় পার্টির স্থানীয় নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুততম সময়ের মধ্যে পুনঃগণনার সিদ্ধান্ত না এলে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন