সোনারগাঁওয়ে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যার পর বস্তাবন্দী করে ফেলে গেল দুর্বৃত্তরা

সোনারগাঁওয়ে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যার পর বস্তাবন্দী করে ফেলে গেল দুর্বৃত্তরা

মো. মোকতার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নাঈম (২২) নামে এক রাজমিস্ত্রিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার পর বস্তাবন্দী করে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ১৫ ফেব্রুয়ারি (রোববার) দিবাগত রাতের কোনো এক সময়ে উপজেলার বারদী-তালতলা সড়কের পাশের একটি ফসলি জমিতে এ ঘটনা ঘটে।

নিহত নাঈম উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বদী এলাকার আব্দুল হেকিম হাজির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে পথচারীরা কৃষি জমিতে একটি রক্তমাখা বস্তা নড়াচড়া করতে দেখে এগিয়ে যান। বস্তার ভেতর থেকে কান্নার শব্দ ও যন্ত্রণায় কাতড়ানোর আওয়াজ শুনে এলাকাবাসী দ্রুত বস্তাটি খোলেন। তখন রক্তাক্ত অবস্থায় নাঈমকে জীবিত পাওয়া যায়। তবে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ্ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, হত্যার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে মৃত ভেবে বস্তাবন্দী করে ফেলে গিয়েছিল।

পুলিশ আরও জানায়, এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। কী কারণে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এম.এম.এইচ/সকালবেলা

মন্তব্য করুন