ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. মোকতার হোসেন, সোনারগাঁও: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকসহ নারীসহ সাতজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোররাতে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত আভিযানিক দল উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— শাকিব (২৫), সোহেল (৩৪), রাশেদ (৩০), ফখরুদ্দিন (৪১), জিসান (২০), লোকমান (২৫) এবং মোসা. শান্তা আক্তার (২২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানি, ছোট কোরবানপুর ও খাঁশেরগাঁও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে পিস্তল উঁচিয়ে গুলি বর্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর আগে গত ৩১ জানুয়ারি এই ঘটনার মূল হোতা ‘শুটার জিয়া’ (২৫) র্যাব-১১ এর হাতে গ্রেফতার হয়েছিল। এরই ধারাবাহিকতায় শনিবার ভোরে অপরাধীদের দমনে বড় ধরনের অভিযানে নামে যৌথ বাহিনী।
যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে মাদক ও বেশ কিছু দেশীয় তৈরি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে গ্রেফতারকৃত সাতজনকে সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ