কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে চা-বাগান শিক্ষিকার বিষপানে আত্মহত্যা

কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে চা-বাগান শিক্ষিকার বিষপানে আত্মহত্যা

মুজিবুর রহমান, কমলগঞ্জ (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় স্বামীর ওপর অভিমান করে রিনা রানী পাল (৩১) নামে এক স্কুলশিক্ষিকা বিষপান করে আত্মহত্যা করেছেন। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা চা-বাগানে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রিনা রানী পাল ওই বাগানের বাসিন্দা এবং স্থানীয় কুরমা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুনীল কুমার পালের স্ত্রী। তিনি এক সন্তানের জননী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে প্রথম দফায় ঝগড়া হয়। পরদিন মঙ্গলবার সকালেও তাঁদের মধ্যে আবারও কথা কাটাকাটি ও বিরোধের সৃষ্টি হয়। এর একপর্যায়ে রিনা রানী পাল নিজ বাড়ির বাথরুমে গিয়ে চা-বাগানে ব্যবহৃত কীটনাশক (বিষ) পান করেন। পরিবারের সদস্যরা টের পেয়ে তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ইসলামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নুরুল হক পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন