ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. সুলতান কবির, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা একটি মালবোঝাই ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় চালকের সহকারী আল-আমিন (৪০) নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় কাভার্ড ভ্যানটির চালক আমিনুল ইসলাম (৪২) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ঘোড়াঘাট পৌরসভার আজাদমোড় এলাকায় ইসলামী ব্যাংকের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আল-আমিন নীলফামারীর সৈয়দপুর ওয়াবদা মোড় এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে দিনাজপুর অভিমুখে যাওয়া লেনের পাশে একটি মালবোঝাই ট্রাক থামিয়ে চাকা মেরামত করছিলেন চালক ও সহকারী। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক ও সহকারী কেবিনের ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুমড়েমুচড়ে যাওয়া কাভার্ড ভ্যান কেটে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সহকারী আল-আমিনকে মৃত ঘোষণা করেন। আহত চালক আমিনুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি ও কুয়াশার কারণে অসতর্কতায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ট্রাক ও কাভার্ড ভ্যান দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"
| আজকের তারিখঃ বঙ্গাব্দ