গজারিয়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযান: ডাকাত দলের সহযোগী গ্রেপ্তার

গজারিয়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযান: ডাকাত দলের সহযোগী গ্রেপ্তার

মোঃ দুলাল সরকার, গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: মুন্সিগঞ্জের গজারিয়ায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে নয়ন-পিয়াস ডাকাত দলের এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকে সকাল ৮টা পর্যন্ত উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নে এই অভিযান পরিচালিত হয়। এ সময় একটি দেশীয় শটগান, কার্তুজ, ৯টি দেশীয় ধারালো অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি দ্রুতগামী ট্রলার উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম জামাল হোসেন (৪৪)। সেনাবাহিনী জানিয়েছে, তিনি কুখ্যাত নয়ন-পিয়াস ডাকাত দলের ‘সোর্স’ হিসেবে কাজ করতেন।

গজারিয়া আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অপরাধমূলক কর্মকাণ্ড রোধে সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে এই বিশেষ অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চিহ্নিত ডাকাত রিয়াজের বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তবে রিয়াজ ও তাঁর বাবা আকতার (যার বিরুদ্ধে ২৭টির বেশি মামলা রয়েছে) পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরবর্তীতে বিভিন্ন আস্তানায় তল্লাশিকালে জামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গজারিয়া আর্মি ক্যাম্পের কমান্ডার জানান, গ্রেপ্তার জামালকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য গজারিয়া থানা-পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে সেনাবাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে। যেকোনো অপরাধমূলক তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে দিয়ে সহযোগিতার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে সেনাবাহিনী।

মন্তব্য করুন