ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের রাজনৈতিক অঙ্গনে সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর আবদুত তাওয়াবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফরিদপুর-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে প্রফেসর আবদুত তাওয়াবের বাসভবনে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে উভয় নেতার মধ্যে ফরিদপুরের সার্বিক উন্নয়ন, জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যু, রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক সহাবস্থানের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। দীর্ঘ আলাপচারিতায় তারা রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, “ফরিদপুরের মানুষের প্রত্যাশা পূরণে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সকল রাজনৈতিক শক্তির ইতিবাচক ভূমিকা জরুরি।”
অপরদিকে প্রফেসর আবদুত তাওয়াব বলেন, “গণতান্ত্রিক ধারাবাহিকতা ও জনস্বার্থে সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক সম্পর্ক সময়ের দাবি। ফরিদপুরবাসীর উন্নয়নে যেকোনো গঠনমূলক উদ্যোগে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব।”
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ ১ লাখ ৪৮ হাজার ৫৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াব পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ১১৫ ভোট। নির্বাচনের পরপরই এমন সৌজন্য সাক্ষাৎকে স্থানীয়রা ইতিবাচকভাবে দেখছেন।
সৌজন্য সাক্ষাৎকালে জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, বিশিষ্ট রাজনৈতিক ও সমাজসেবক ফারিয়ান ইউসুফসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভিন্ন রাজনৈতিক অবস্থান থেকে পারস্পরিক সৌজন্য ও সংলাপের এই উদ্যোগ ফরিদপুরের রাজনীতিতে সহনশীলতা ও গণতান্ত্রিক সংস্কৃতি চর্চায় ইতিবাচক বার্তা বহন করবে।
এস.এম.এস/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ