ঘোড়াঘাটে ডাঃ জাহিদ হোসেনের পথসভা: ‘ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও সুশাসনই বিএনপির লক্ষ্য’

ঘোড়াঘাটে ডাঃ জাহিদ হোসেনের পথসভা: ‘ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও সুশাসনই বিএনপির লক্ষ্য’

সাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে বিশাল নির্বাচনী পথসভা করেছে বিএনপি। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঘোড়াঘাট পৌর এলাকার আজাদ মোড়ে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনে ধানের শীষের প্রার্থী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন

পথসভায় হাজারো নারী-পুরুষ ভোটারের উপস্থিতিতে ডাঃ জাহিদ হোসেন এই অঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরেন। তিনি বলেন, “দিনাজপুর-৬ আসনকে অবহেলিত রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। আমরা নির্বাচিত হলে এ অঞ্চলের ভঙ্গুর সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হিমাগার স্থাপন এবং বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য শিল্পায়নের কার্যকর পদক্ষেপ নেব।” এছাড়াও তিনি পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন।

 বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত এই চিকিৎসক তাঁর বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘৩১ দফা’ রাষ্ট্র সংস্কার প্রস্তাবের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “আমরা ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও স্থানীয় সরকারকে শক্তিশালী করতে চাই। তবে মনে রাখবেন, দলের নাম ব্যবহার করে কেউ যদি বিশৃঙ্খলা বা অপকর্মে লিপ্ত হয়, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।” তিনি নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাওয়ার নির্দেশ দেন।

ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি ও তিনবারের নির্বাচিত মেয়র আব্দুস সাত্তার মিলনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। পথসভাটি সঞ্চালনা করেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে বিশাল এক মিছিল পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 প্রায় তিন দশক পর দিনাজপুর-৬ আসনে বিএনপি একক প্রার্থী দেওয়ায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের এই হেভিওয়েট প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান বক্তারা।

মন্তব্য করুন