ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় বিএনপি কর্মীদের কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত-শিবির কর্মীদের বিরুদ্ধে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সরদারপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় বিএনপি কর্মী দেলোয়ার শেখ (৩৮), তাঁর স্ত্রী আমেনা বেগম (২৬) ও ভাতিজা কাউসার শেখসহ মোট ৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত তিনজনকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
ভুক্তভোগীদের দাবি, হামলার মূল অভিযুক্তরা হলেন একই গ্রামের জিয়ারুল মোল্লা ও দ্বীন ইসলাম মোল্লা। জিয়ারুল জামায়াত কর্মী এবং দ্বীন ইসলাম ছাত্রশিবিরের রাজনীতিতে সক্রিয়।
হাসপাতালে চিকিৎসাধীন দেলোয়ার শেখ অভিযোগ করেন, "আমরা বিএনপি করি আর অভিযুক্তরা জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত। নির্বাচনের আগে তাঁদের বাড়িতে ভোট চাইতে গেলে তাঁরা আমাদের গালিগালাজ করে এবং ভোট চাইতে আসতে নিষেধ করে। এর ধারাবাহিকতায় রবিবার বিকেলে বাড়ির সামনের রাস্তায় আমাকে একা পেয়ে তাঁরা উসকানিমূলক কথা শুরু করেন। আমি প্রতিবাদ করলে জিয়ারুল ও দ্বীন ইসলামসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার ওপর হামলা করে এবং মাথায় কোপ দেয়। আমার স্ত্রী ও পরিবারের লোকজন ঠেকাতে এলে তাঁদেরও পিটিয়ে জখম করা হয়।"
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পি.বি/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ