ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ কোরবান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে এক বিএনপি কর্মীকে না পেয়ে তাঁর বাড়িতে হামলা এবং তাঁর মেয়েকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে। গত শুক্রবার জুমার নামাজের পর উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়নের পুকুরপার গ্রামে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, স্থানীয় বিএনপি কর্মী ‘সমাজ’ ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী কর্মকাণ্ডে সক্রিয় থাকায় আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। শুক্রবার দুপুরে একদল সশস্ত্র ব্যক্তি তাঁর বাড়িতে হামলা চালায়। এ সময় ‘সমাজ’ বাড়িতে না থাকায় হামলাকারীরা পরিবারের সদস্যদের ওপর চড়াও হয়।
ভুক্তভোগী পরিবারের দাবি, হামলার একপর্যায়ে বাধা দিতে এলে ‘সমাজ’-এর মেয়েকে লক্ষ্য করে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
হামলাকারীরা বাড়ির আসবাবপত্র ভাঙচুর করার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। তবে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লাপাড়া থানার এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।
কে.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ