শেরপুরে দুই আসনে জয় পেল জামায়াত ও বিএনপি

শেরপুরে দুই আসনে জয় পেল জামায়াত ও বিএনপি

পুলক রায়, শেরপুর: উৎসবঘন পরিবেশে ভোটগ্রহণ শেষে শেরপুর জেলার নির্বাচনী ফলাফলে ভিন্নচিত্র দেখা গেছে। শেরপুর-১ (সদর) আসনে দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ বদলে দিয়ে বিশাল ব্যবধানে জয়ী হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অন্যদিকে, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে তুমুল লড়াইয়ের পর জয় ছিনিয়ে নিয়েছে বিএনপি। তবে এক প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে।

শেরপুর-১ (সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ২৭ হাজার ৮১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. সানসীলা জেবরীন প্রিয়াঙ্কা পেয়েছেন ৭৮ হাজার ৩৪২ ভোট। এই আসনে ৪৯ হাজার ৪৬৯ ভোটের ব্যবধানে জয়লাভ করে জামায়াত তাদের শক্তিশালী অবস্থানের জানান দিয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ মোটরসাইকেল প্রতীকে ৬২ হাজার ৪১৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপি প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৮ হাজার ৪৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী গোলাম কিবরিয়া (ভিপি) দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৪৫৬ ভোট। ১০ হাজার ১৬ ভোটের ব্যবধানে ফাহিম চৌধুরী তাঁর জয় নিশ্চিত করেন। এই আসনে ৪ হাজার ৮৭৭ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন হাতপাখা প্রতীকের প্রার্থী আবদুল্লাহ আল কায়েস।

জেলা রিটার্নিং কর্মকর্তার তথ্যমতে, শেরপুর-১ আসনে ৬১ শতাংশ এবং শেরপুর-২ আসনে ৫৪ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এছাড়া সংবিধান সংস্কারের লক্ষে অনুষ্ঠিত গণভোটে জেলাজুড়ে 'হ্যাঁ' ভোট বিশাল ব্যবধানে জয়ী হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হওয়ায় স্থানীয় প্রশাসন ও সাধারণ ভোটাররা সন্তোষ প্রকাশ করেছেন।

মন্তব্য করুন