ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আব্দুল্লাহ আল মামুন, যশোর: যশোর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় যশোরের মণিরামপুর উপজেলায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় মণিরামপুর উপজেলা যুবদলের আয়োজনে এই আনন্দ মিছিল ও শোভাযাত্রা বের করা হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোতাহেরুল ইসলাম রিয়াদ ও যুবনেতা সাইফুল ইসলামের নেতৃত্বে মিছিলটি মণিরামপুর বাজারের প্রধান সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে। মিছিলটি দক্ষিণ মাথা বাসস্ট্যান্ডে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় যুবদলের নেতাকর্মীরা প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে বক্তারা বলেন, তরুণ ও মেধাবী নেতা অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে যশোরে উন্নয়নের নতুন জোয়ার সৃষ্টি হবে। বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি খাতে তাঁর হাত ধরে আমূল পরিবর্তন আসবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন। মিছিলে উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন ইউনিটের কয়েকশ নেতাকর্মী অংশ নেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ