ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলার ২৬ নম্বর ওয়ার্ডের বিলমামুদপুর গ্রামে আজাদ খাঁ (৩২) নামের এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পারিবারিক কলহ ও অপমানের জেরে ওই যুবক বিষপানে ‘আত্মহত্যা’ করেছেন বলে স্থানীয়রা দাবি করলেও, এই ঘটনাকে কেন্দ্র করে নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ জানুয়ারি বিলমামুদপুর আদেল মাত্তুবর ডাঙ্গী গ্রামের বাসিন্দা মৃত সোনা খাঁর ছেলে আজাদ খাঁ তার স্ত্রীর সাথে প্রতিবেশীর অনৈতিক সম্পর্কের বিষয়টি জানতে পারেন। এ নিয়ে প্রতিবাদ জানালে আজাদের সৎ বড় ভাই ফারুক খাঁ তাকে শাসনের পরিবর্তে উল্টো গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ রয়েছে। পরিবারের সদস্যদের এমন আচরণ ও সামাজিক চাপে মানসিকভাবে ভেঙে পড়েন আজাদ। পরদিন সন্ধ্যায় তিনি ঘাস মারার বিষ পান করেন। ১৯ জানুয়ারি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অভিযোগ উঠেছে, আজাদের মৃত্যুকে পুঁজি করে বড় ভাই ফারুক খাঁ জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে পাশের গ্রামের বিলমামুদপুর মল্লিক ডাঙ্গীর ১২-১৩ জন দিনমজুরের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। ভুক্তভোগীদের দাবি, ঘটনার সাথে তাদের কোনো দূরতম সম্পর্কও নেই। সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে জমি দখলের নেশায় তাদের এই মামলায় জড়ানো হয়েছে। আসামিরা জানান, তারা অতি সাধারণ মানুষ এবং তাদের বিরুদ্ধে ইতিপূর্বে কোনো থানায় অপরাধমূলক রেকর্ড নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, ফারুক খাঁর সাথে পাশের গ্রামের কয়েকটি পরিবারের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছে। আজাদ খাঁর মৃত্যুর ঘটনাকে এখন সেই বিরোধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। পরিবারের অভিভাবক হিসেবে দায়িত্বশীল ভূমিকা না নিয়ে উল্টো উসকানিমূলক আচরণের কারণেই আজাদের মতো যুবককে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে বলে মনে করছেন অনেকে।
ভুক্তভোগী পরিবারগুলো প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তারা চান পুলিশ যেন প্রকৃত সত্য উদ্ঘাটন করে এবং নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ