‘সুন্দরবনকে ভালোবাসুন’: মোংলার জয়মনিতে সুন্দরবন দিবস উদযাপিত

‘সুন্দরবনকে ভালোবাসুন’: মোংলার জয়মনিতে সুন্দরবন দিবস উদযাপিত

মোঃ কারিমুল ইসলাম, মোংলা উপজেলা প্রতিনিধি: বিশ্বজুড়ে ১৪ ফেব্রুয়ারি ‘ভালোবাসা দিবস’ হিসেবে পালিত হলেও সুন্দরবন উপকূলীয় মানুষের কাছে দিনটি একটু ভিন্ন আঙিকে ধরা দেয়। বিশ্ব ঐতিহ্য সুন্দরবন রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারও খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পালিত হয়েছে ‘সুন্দরবন দিবস’।

শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬) মোংলার জয়মনিতে ‘বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে দিবসটি পালন করা হয়। দিনটি উপলক্ষে স্থানীয় সর্বস্তরের জনগণের অংশগ্রহণে র‍্যালি এবং স্কুল শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ ছানাউল্যা পাটোয়ারী বলেন, “সুন্দরবন টিকে থাকার ওপর আমাদের অর্থনৈতিক অগ্রগতি ও সমৃদ্ধি নির্ভরশীল। এটি রক্ষা করতে না পারলে দেশ এক বিরাট সংকটের মুখে পড়বে। তাই সবার আগে আমাদের এই বনকে ভালোবাসতে হবে।”

বিশেষ অতিথি জনাব মোঃ ফারুক হাওলাদার বলেন, “সুন্দরবন না থাকলে অতীতের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মোংলা উপজেলার নামনিশানা মুছে যেত। আমাদের নিজেদের বেঁচে থাকার স্বার্থেই সুন্দরবনকে বাঁচিয়ে রাখতে হবে।”

সভাপতির বক্তব্যে দীপন চন্দ্র সাহা আক্ষেপ করে বলেন, “আমরা বনের অনেক ক্ষতি করলেও সুন্দরবন আমাদের সবসময় দিয়েই গেছে। যারা না বুঝে বনের ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে রুখে দাঁড়াতে হবে।”

অন্যান্য বক্তারা সুন্দরবনকে ‘মায়ের’ সাথে তুলনা করে বন ধ্বংসকারী অসাধু চক্রকে আইনের আওতায় আনার দাবি জানান। তাঁরা বলেন, উপকূলীয় মানুষের রক্ষাকবচ এই বনকে রক্ষা করা এখন সময়ের দাবি।

কে.আই/সকালবেলা

মন্তব্য করুন