নওগাঁয় ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর

নওগাঁয় ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলার কাটখইর উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটগণনা ও ফলাফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর ও সিল দেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা নাজিম উদ্দীনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এই চাঞ্চল্যকর ঘটনাটি জানাজানি হয়। নির্বাচনী আইন অনুযায়ী ভোটগ্রহণ শেষে পোলিং এজেন্টদের উপস্থিতিতে গণনা সম্পন্ন করে ফলাফল শিট পূরণ করার কথা থাকলেও, সকালেই স্বাক্ষর করে রাখা বিধিলঙ্ঘন বলে দাবি করছেন স্থানীয়রা।

সরেজমিনে উপস্থিত ভোটার ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটগ্রহণ চলাকালেই প্রিজাইডিং কর্মকর্তা নাজিম উদ্দীনকে নির্ধারিত ফলাফল শিটে আগেভাগেই নিজের স্বাক্ষর ও পদবি সম্বলিত সিল দিয়ে রাখতে দেখা যায়। বিষয়টি জানাজানি হলে কেন্দ্রের বাইরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নির্বাচনী বিধি অনুযায়ী, ভোট গণনার আগে কোনোভাবেই ফলাফল বিবরণীতে স্বাক্ষর করার সুযোগ নেই।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রিজাইডিং কর্মকর্তা নাজিম উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "ভোটগ্রহণ শেষে ফলাফল প্রস্তুত করতে অনেক সময় লাগে। কাজের সুবিধার্থে এবং সময় সাশ্রয় করতে আমি আগেই স্বাক্ষর করে রেখেছিলাম। তবে এটি নিয়মের পরিপন্থী কি না, সে বিষয়ে আমি পুরোপুরি নিশ্চিত ছিলাম না।" উল্লেখ্য, অভিযুক্ত নাজিম উদ্দীন নওগাঁ সড়ক ও জনপদ অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন।

এ বিষয়ে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদীন বলেন, "ভোট গণনার আগে ফলাফল শিটে স্বাক্ষর করার কোনো বিধান নেই এবং এটি গুরুতর অনিয়ম। আমরা অভিযোগটি গুরুত্বের সাথে আমলে নিয়েছি। বিষয়টি সরেজমিনে তদন্তের জন্য দ্রুত একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।" বর্তমানে ওই কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন