ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর শহরের ভানুগাছ রেলওয়ে স্টেশনের রেলক্রসিং সংলগ্ন সড়কের পাশ থেকে ৯টি আকাশমনি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে গাছগুলো কেটে নেওয়া হয়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেটে নেওয়া গাছের খণ্ডাংশগুলো উদ্ধার করেছে বন বিভাগ।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সড়কের সৌন্দর্যবর্ধনকারী এই গাছগুলো কৌশলে কেটে নেয় একটি চোর চক্র। শুক্রবার সন্ধ্যায় বন বিভাগ খবর পায় যে, গাছগুলোর খণ্ডাংশ কমলগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কুমড়াকাপন গ্রামের মহসিন মিয়া ও মহিউদ্দিনের বাড়িতে মজুত করা আছে। এই সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে প্রায় ২০ টুকরো গাছের খণ্ডাংশ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত কাঠগুলো বন বিভাগের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
এলাকাবাসী অভিযোগ করে জানান, প্রায়ই এই অঞ্চলে বনাঞ্চলের গাছ চুরি হলেও বন বিভাগ কার্যকর কোনো ব্যবস্থা নেয় না। এখন প্রকাশ্য সড়কের পাশের গাছও কেটে নেওয়ার সাহস পাচ্ছে দুর্বৃত্তরা। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অভিযানে সহযোগিতাকারী পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুমন আলী এবং স্থানীয় সাবেক কাউন্সিলর আহাদুর রহমান বুলু এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছেন।
কমলগঞ্জ রাজকান্দি রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) প্রীতম বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, “ভানুগাছ রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকা থেকে ৯টি আকাশমনি গাছ কেটে নেওয়া হয়েছিল। আমরা অভিযান চালিয়ে গাছগুলো উদ্ধার করেছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।”
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ