ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন দলীয় নেতাকর্মীদের প্রতি কঠোর বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি “কারও পকেটের এমপি” হতে চান না এবং দলীয় পরিচয় ব্যবহার করে কেউ অপকর্মে জড়ালে তার দায় দল বা শীর্ষ নেতৃত্ব নেবে না।
শনিবার রাতে কটিয়াদী স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে আয়োজিত এক শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে তিনি সাফ জানিয়ে দেন, দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, প্রভাব খাটানো বা কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।
জালাল উদ্দিন বলেন, “আমরা যে ঐক্য করেছি, সেই ঐক্যে কেউ ফাটল ধরানোর চেষ্টা করলে তার দায় সে নিজেই নেবে। কোনো ধরনের সিন্ডিকেট আমি সহ্য করবো না। কথা থাকলে সরাসরি আমার সঙ্গে বলবেন।” দলীয় শৃঙ্খলা ভঙ্গ বা বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।
সাম্প্রতিক সময়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, একটি পক্ষ দলের নামে অপপ্রচার চালালেও বড় কোনো নেতার সংশ্লিষ্টতার প্রমাণ দিতে পারেনি। নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, “কেউ অপকর্মে জড়ালে তারেক রহমানও তার দায় নেবেন না। আমি এমপি হয়েছি জনগণের কাজ করার জন্য, কারো পকেটে ঢোকার জন্য নয়।”
অপকর্মে জড়িত হতে চাওয়া ব্যক্তিদের উদ্দেশ্যে এই সংসদ সদস্য বলেন, “আপনারা বিকল্প ব্যবসার কথা ভাবুন। আমি কাজের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবো। তবে কোনো অনৈতিক কর্মকাণ্ড সহ্য করা হবে না।” বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত এই প্রার্থী বক্তব্যে ঐক্য ধরে রেখে সাংগঠনিক শৃঙ্খলা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এম.আর/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ