ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মনিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: দীর্ঘ তিন যুগেরও বেশি সময়ের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ণাঙ্গ মন্ত্রী পেয়েছে বরিশালবাসী। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। তাঁর এই নিয়োগের খবরে নির্বাচনী এলাকাসহ গোটা বরিশাল বিভাগে আনন্দের জোয়ার বইছে।
বরিশালের সচেতন মহল ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বরিশাল বরাবরই দেশের একটি অবহেলিত জনপদ হিসেবে পরিচিত ছিল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বরিশাল থেকে মাঝেমধ্যে প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হলেও পূর্ণাঙ্গ কোনো মন্ত্রী পাওয়া যায়নি। ফলে জহির উদ্দিন স্বপনের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াকে বরিশালবাসী এক বড় অর্জন হিসেবে দেখছেন। গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সন্তান জহির উদ্দিন স্বপন এবারের নির্বাচনে ১ লাখ ৫৫২ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি ২০০১ সালেও এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বিএনপির দুঃসময়ে দলটির মিডিয়া সেলের আহ্বায়ক হিসেবে তিনি অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন।
বরিশাল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহম্মেদ বাবলু জানান, ১৯৭২ সালের পর ১৯৮৬ সালে বরিশালবাসী সর্বশেষ পূর্ণ মন্ত্রী পেয়েছিল। এরপর গত ৩৬ বছরে আর কেউ পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব পাননি। তিন যুগ পর জহির উদ্দিন স্বপনের মাধ্যমে এই আক্ষেপ ঘুচলো। অন্যদিকে, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিণ এই নিয়োগে আনন্দ প্রকাশ করে বলেন, তথ্য ও সম্প্রচারের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে বরিশালের সন্তানকে দায়িত্ব দেওয়ায় আমরা বিএনপি চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞ। সামনে বরিশাল থেকে আরও মন্ত্রী পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। জহির উদ্দিন স্বপনের এই নিয়োগকে রাজনৈতিক ও সাংগঠনিক অবদানের যথাযথ স্বীকৃতি হিসেবে দেখছেন দলীয় নেতাকর্মীরা।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ