ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সুরুজ মিয়া, শিবপুর প্রতিনিধি: বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে নরসিংদীর শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজে জাঁকজমকপূর্ণ বর্ষবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের অধ্যক্ষ মো. নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফারজানা ইয়াসমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলতাফ হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
সকাল থেকেই বাসন্তী ও লাল-সাদা পোশাকে সজ্জিত হয়ে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে ভিড় জমায়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল শিক্ষার্থীদের পরিচালিত পিঠার স্টলগুলো। স্টলগুলোতে দুধ চিতই, পাটিসাপটা, নকশী পিঠা, ভাপা পিঠা, পুলি, মালপোয়া এবং মুগ পাকনসহ প্রায় অর্ধশত প্রজাতির দেশীয় পিঠা শোভা পাচ্ছিল।
কলেজ অধ্যক্ষের নেতৃত্বে পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ মো. নাসির উদ্দীন বলেন, “নতুন প্রজন্মের কাছে বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতেই আমাদের এই আয়োজন। শহীদ আসাদ কলেজ শিক্ষার পাশাপাশি সংস্কৃতি চর্চাকে সবসময় গুরুত্ব দিয়ে থাকে।”
পিঠা উৎসবের পাশাপাশি কলেজের মুক্তমঞ্চে আয়োজিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিক্ষার্থীরা লোকসংগীত, দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন। এছাড়া গ্রামবাংলার ঐতিহ্যবাহী মঞ্চ নাটক উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তোলে।
উৎসবটি কেবল কলেজের শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; স্থানীয় অভিভাবক এবং আশপাশের এলাকার মানুষও স্বতঃস্ফূর্তভাবে এই উৎসবে অংশ নেন। বাহারি পিঠা চেখে দেখার পাশাপাশি সেলফি আর আড্ডায় দিনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ