ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
তারেক হায়দার, কক্সবাজার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কক্সবাজারের উখিয়ায় বড় ধরনের অভিযান চালিয়েছে সেনাবাহিনীসহ যৌথ বাহিনী। রোববার (৮ ফেব্রুয়ারি) ভোর থেকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালীসহ আশপাশের এলাকায় পরিচালিত এই অভিযানে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী আট শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে রোহিঙ্গাদের কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে বা অপপ্রচারে ব্যবহার করার ঝুঁকি এড়াতে এই বিশেষ অভিযান চালানো হচ্ছে। আটককৃত রোহিঙ্গারা নির্ধারিত আশ্রয়শিবিরের বাইরে স্থানীয়দের ভাড়া বাসা ও ব্যক্তিমালিকানাধীন জমিতে অবৈধভাবে ঘর তুলে বসবাস করছিলেন।
রোববার ভোর থেকে সেনাবাহিনী, পুলিশ ও এপিবিএন-এর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী বালুখালী ও এর আশপাশের এলাকায় চিরুনি অভিযান চালায়। আটকদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু রয়েছে। অভিযানের খবর নিশ্চিত করে উখিয়া ৯ বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক মেজর আহসানুল হাই সৌরভ জানান, ক্যাম্পের বাইরে অননুমোদিতভাবে অবস্থানকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতেই এই অভিযান। বর্তমানে আটকদের একটি নির্দিষ্ট স্থানে জমায়েত করে তথ্য যাচাই করা হচ্ছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আহমেদ বলেন, "গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের সংশ্লিষ্ট ক্যাম্পে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে।" অন্যদিকে, ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ জানান, ক্যাম্পের বাইরে অবৈধ বসবাস কোনোভাবেই বরদাশত করা হবে না এবং নিরাপত্তা নিশ্চিতে এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
এর আগে গত সপ্তাহেও চট্টগ্রামের চন্দনাইশ ও লোহাগাড়া এলাকায় অভিযান চালিয়ে কয়েকশ রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছিল। নির্বাচন সামনে রেখে কক্সবাজার ও আশপাশের জেলাগুলোতে এই ধরনের নজরদারি আরও জোরদার করা হয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ