ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে সাংবাদিক শামীম হোসেন আহত

ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে সাংবাদিক শামীম হোসেন আহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: শহিদ শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে এই সংঘর্ষ চলাকালীন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন ঢাকা মেইলের মাল্টিমিডিয়া রিপোর্টার শামীম হোসেন সামন।

প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারীরা জানান, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে এবং লাঠিপেটা চালায়। পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

অভিযোগ উঠেছে, সংবাদ সংগ্রহের সময় পরিচয় দেওয়ার পরও পুলিশ সাংবাদিকদের ওপর বেধড়ক লাঠিচার্জ করে। এতে সাংবাদিক শামীম হোসেন সামনসহ একাধিক গণমাধ্যমকর্মী আহত হন। শামীম হোসেন সামন ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়নের ভাংগাপাড়া গ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বর্তমানে তার গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।

সাংবাদিকদের ওপর পুলিশের এই হামলার ঘটনায় সাংবাদিক সমাজ ও সুধী মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দ এ ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় আখ্যা দিয়ে অবিলম্বে দায়ী পুলিশ সদস্যদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব।

মন্তব্য করুন