২৭ দিনের লড়াই শেষ: মারা গেল সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফা

২৭ দিনের লড়াই শেষ: মারা গেল সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফা

জিয়াবুল হক, টেকনাফ (কক্সবাজার): মিয়ানমার থেকে ছোড়া গুলিতে মাথায় গুরুতর আহত কক্সবাজারের টেকনাফের ৯ বছর বয়সী শিশু হুজাইফা সুলতানা আফনান দীর্ঘ ২৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানল। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে রাজধানীর জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত ১১ জানুয়ারি সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় নিজ বাড়ির সামনে থাকা অবস্থায় মিয়ানমারের ওপার থেকে আসা একটি গুলি হুজাইফার মাথায় বিদ্ধ হয়। শিশুটি তার দাদার সঙ্গে দোকান থেকে নাস্তা কিনে বাড়ি ফিরছিল। ওই সময় মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে তীব্র সংঘর্ষ চলছিল।

গুলিবিদ্ধ হওয়ার পরপরই হুজাইফাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ওইদিন সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। চমেকের চিকিৎসকরা জানিয়েছিলেন, গুলিটি হুজাইফার মস্তিষ্কের এমন এক সংবেদনশীল স্থানে বিদ্ধ হয়েছিল যে তা অপসারণ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। ১৩ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

নিউরোসায়েন্স হাসপাতালের চিকিৎসকরা জানান, মাঝে হুজাইফার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে ভেন্টিলেটর থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে তার রক্তে মারাত্মক সংক্রমণ (সেপসিস) ছড়িয়ে পড়ে এবং অ্যান্টিবায়োটিক কাজ করা বন্ধ করে দেয়। শেষ পর্যন্ত শরীরের অক্সিজেনের মাত্রা কমে গেলে আজ সকালে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

হুজাইফার মৃত্যুতে টেকনাফের হোয়াইক্যং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হুজাইফার চাচা শওকত আলী জানান, দীর্ঘ চেষ্টা করেও তার শরীর থেকে গুলিটি বের করা সম্ভব হয়নি। মরদেহ বাড়িতে নিয়ে আসার প্রস্তুতি চলছে। এদিকে সীমান্তে মিয়ানমারের গোলার শব্দ ও অবিরত সংঘর্ষে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন