দিনাজপুরে অবৈধ ইজিবাইক সংগঠনের দৌরাত্ম্য বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

দিনাজপুরে অবৈধ ইজিবাইক সংগঠনের দৌরাত্ম্য বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

তাজুল ইসলাম, দিনাজপুর: রেজিস্ট্রেশনবিহীন অবৈধ ইজিবাইক সংগঠনের বেআইনি কার্যক্রম বন্ধ এবং সাধারণ চালকদের হয়রানি বন্ধের দাবিতে দিনাজপুরে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) দিনাজপুর সদর উপজেলা অটোরিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

 শ্রমিক ইউনিয়নের সভাপতি নয়ন ও সাধারণ সম্পাদক আরমান স্বাক্ষরিত স্মারকলিপিতে অভিযোগ করা হয়, জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত দিনাজপুর জেলা ব্যাটারি চালিত ইজি-বাইক মালিক-শ্রমিক-চালক সোসাইটি একটি রেজিস্ট্রেশনবিহীন ও অবৈধ সংগঠন। তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও গত ৫ ফেব্রুয়ারি তারা অতর্কিতভাবে সাধারণ অটোরিক্সা শ্রমিকদের ওপর হামলা চালায়। এসময় তারা অটোরিক্সার চাবি কেড়ে নেয় এবং রিক্সা থেকে অসুস্থ রোগী ও স্কুলগামী শিক্ষার্থীদের জোরপূর্বক নামিয়ে দেয়। এছাড়া বেশ কয়েকটি অটোরিক্সা ভাঙচুর করার মতো অমানবিক ও গর্হিত কাজ করে তারা।

 স্মারকলিপি প্রদানের পূর্বে শহরের পরমাণু চিকিৎসা কেন্দ্র (জোড়াব্রিজ) সংলগ্ন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সম্মুখ সড়কে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, এই বেনামী সংগঠনটি দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়কে চেকপোস্ট বসিয়ে সাধারণ চালকদের নানাভাবে হয়রানি করছে। অবিলম্বে এসব বেআইনি কার্যক্রম বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধন শেষে প্রতিনিধি দল জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও দিনাজপুর পৌরসভার প্রশাসক রিয়াজ উদ্দিন। তিনি অভিযোগগুলো গুরুত্বের সাথে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

মন্তব্য করুন