ঢাকা-খুলনা মহাসড়কে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষ: আহত অন্তত ২০

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষ: আহত অন্তত ২০

হেলাল মুন্সী, গোপালগঞ্জ প্রতিনিধি: ঢাকা-খুলনা মহাসড়কের চন্দ্রদিঘলিয়া এলাকায় সোমবার রাত সাড়ে ৯টার দিকে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষের ফলে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতি চলছে।

দুর্ঘটনার কবলে পড়া বাসের এক যাত্রী অভিযোগ করেন, চালক শুরু থেকেই বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন এবং অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই সংঘর্ষ। ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সকালবেলা

মন্তব্য করুন