শিবগঞ্জে আবু হাসানের নেতৃত্বে ধানের শীষের বিশাল গণসংযোগ

শিবগঞ্জে আবু হাসানের নেতৃত্বে ধানের শীষের বিশাল গণসংযোগ

ওয়াফিক শিপলু, বগুড়া: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ মীর শাহে আলমের পক্ষে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট চেয়ে বিশাল গণসংযোগ ও প্রচারণা চালানো হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে শিবগঞ্জের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র মোকামতলা বন্দরে এই প্রচারণা অনুষ্ঠিত হয়।

বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসানের নেতৃত্বে এই গণসংযোগে যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। তারা মোকামতলা বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের হাতে নির্বাচনী লিফলেট তুলে দেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে আবু হাসান বলেন, “শিবগঞ্জ-২ আসনে উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ধানের শীষের বিকল্প নেই। ৫ আগস্টের পর দেশের মানুষ যে পরিবর্তনের স্বপ্ন দেখছে, তার প্রতিফলন ঘটবে ১২ ফেব্রুয়ারির ব্যালটে। তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।” এসময় স্থানীয় জনতার মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং ধানের শীষের পক্ষে স্লোগান দিতে দেখা যায়।

এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব সেলিম, শিবগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন, মোকামতলা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী সরকার। এছাড়াও রাকিব, সোহেল আহমেদ, রাব্বিসহ অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী এই প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

নেতাকর্মীরা জানান, নির্বাচনের শেষ সময়ে এসে শিবগঞ্জের প্রতিটি জনপদে ধানের শীষের পক্ষে যে জোয়ার সৃষ্টি হয়েছে, তাতে ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে বিএনপি প্রার্থীর বিজয় সুনিশ্চিত।

মন্তব্য করুন