ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জাকির হোসাইন রাজু, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসারের ব্যবস্থাপনায় আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শামীম (এনডিসি) বলেন, "ভোটগ্রহণ কর্মকর্তাদের কোনো ধরনের অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে হবে। গণতন্ত্রের মূল ভিত্তি হলো সুষ্ঠু নির্বাচন, আর সেই লক্ষ্য অর্জনে আপনাদের ভূমিকা অপরিসীম।"
বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া এবং পুলিশ সুপার মো. মিজানুর রহমান কেন্দ্রভিত্তিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে কর্মকর্তাদের আশ্বস্ত করেন। তারা জানান, ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসা এবং ভোট প্রদান নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সজাগ থাকবে। এছাড়া আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম প্রামাণিক ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মোতাহসিম ব্যালট বাক্সের নিরাপত্তা ও ফলাফল গণনার নির্ভুলতার ওপর গুরুত্বারোপ করে কারিগরি ও আইনি দিকনির্দেশনা দেন।
সভাপতির বক্তব্যে ময়মনসিংহের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমান বলেন, নির্বাচনী বিধিবিধান যথাযথভাবে অনুসরণের মাধ্যমেই একটি বিতর্কহীন নির্বাচন সম্পন্ন করা সম্ভব। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় কর্মকর্তাদের করণীয় সম্পর্কেও তিনি দিকনির্দেশনা প্রদান করেন।
বিকেল ৫টায় সফলভাবে সভার কার্যক্রম সমাপ্ত হয়। ভালুকা উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এই সভায় অংশগ্রহণের মাধ্যমে তাদের প্রস্তুতি ও করণীয় সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ