ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ইমরান মাহমুদ, জামালপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে ইতিহাসের এক বিরল ও অভূতপূর্ব রেকর্ড গড়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম। উপজেলার মোট ৮৯টি ভোটকেন্দ্রের প্রতিটিতেই ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার মাধ্যমে তিনি সরিষাবাড়ীর নির্বাচনী ইতিহাসে নতুন এক মাইলফলক স্থাপন করেছেন। এর আগে এই আসনে কোনো প্রার্থী সবকটি কেন্দ্রে বিজয়ী হওয়ার নজির দেখাতে পারেননি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত চূড়ান্ত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ফরিদুল কবির তালুকদার শামীম মোট ১ লাখ ৪৬ হাজার ৫৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আউয়াল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ১৬১ ভোট। ফলে ১ লাখ ২ হাজার ৩৮৫ ভোটের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিলেন জেলা বিএনপির এই প্রভাবশালী নেতা।
ফলাফলের সবচেয়ে চমকপ্রদ দিক ছিল জামায়াত প্রার্থীর নিজ এলাকা হিসেবে পরিচিত আরামনগর মাদরাসা কেন্দ্রের ফলাফল। সেখানেও ধানের শীষের জয়জয়কার লক্ষ্য করা গেছে। ওই কেন্দ্রে আব্দুল আউয়াল ৫৬২ ভোট পেলেও ফরিদুল কবির তালুকদার শামীম পেয়েছেন ১ হাজার ৭১৪ ভোট। প্রতিটি কেন্দ্রে এই একচেটিয়া জয় ফরিদুল কবির তালুকদারের ব্যক্তিগত জনপ্রিয়তা এবং সরিষাবাড়ীতে বিএনপির সুসংগঠিত সাংগঠনিক শক্তিরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।
বিজয় পরবর্তী প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, “সরিষাবাড়ীর প্রতিটি কেন্দ্রের মানুষ আমাকে যেভাবে আপন করে নিয়েছে এবং ধানের শীষের পক্ষে রায় দিয়েছে, তাতে আমি তাদের কাছে চিরঋণী। এই নিরঙ্কুশ জয় আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমি সরিষাবাড়ীকে একটি আধুনিক, উন্নত ও শান্তিময় জনপদ হিসেবে গড়ে তুলতে আজীবন কাজ করে যাব।” উল্লেখ্য, জামালপুর জেলার ৫টি আসনের সবকটিতেই বিএনপি প্রার্থীরা দাপুটে জয় পেয়েছেন, তবে সরিষাবাড়ীর এই ‘ক্লিন সুইপ’ রেকর্ড জেলাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ