ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ঘোড়াঘাট (দিনাজপুর): দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর) সংসদীয় আসনের ইতিহাসে এক নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এই প্রথম বারের মতো এই আসন থেকে কেউ মন্ত্রিসভায় স্থান পেলেন। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে নতুন সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে দুই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় দিনাজপুর-৬ আসনের সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডা. জাহিদ হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে ২ লাখ ৫ হাজার ১১৮ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের আনোয়ারুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৭০৩ ভোট। ডা. জাহিদ ১৪ হাজার ৪১৫ ভোটের ব্যবধানে জয়ী হয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই সরাসরি মন্ত্রিসভায় জায়গা করে নিলেন।
ডা. জাহিদ হোসেনের এই প্রাপ্তিকে তাঁর দীর্ঘ রাজনৈতিক ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে দেখছে বিএনপি। তিনি ২০১০ সালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং ২০১৬ সালে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৪ সালের ১৬ আগস্ট তাঁকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করা হয়। এলাকাবাসীর প্রত্যাশা, প্রথমবারের মতো এই আসন থেকে পূর্ণ মন্ত্রী পাওয়ায় চার উপজেলার অবকাঠামো ও সামাজিক উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ