ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বিশেষ প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে ডাব চুরির অপবাদে রিফাত (১১) নামে এক স্কুলছাত্রকে অপহরণ ও গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের পর মাথা ন্যাড়া করে ভিডিও ধারণের ঘটনায় ওই শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। এ ঘটনায় সন্তানের সন্ধান ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগীর মা।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বরমী ইউনিয়নের হরতকির টেক এলাকার বাসিন্দা সৌদি আরব প্রবাসী জিয়াউর রহমানের ছেলে মো. রিফাত স্থানীয় সিংহশ্রী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। গত ১৪ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে প্রতিবেশী সাইফ নামে এক যুবক রিফাতকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরিবারের দাবি, প্রতিবেশী আমিনুলের বাড়ির গাছ থেকে ডাব চুরির অপবাদ দিয়ে রিফাতকে তুলে নেওয়া হয়। পরে আমিনুলের ছেলে মাহাতাব (২৪), প্রতিবেশী দিদার (২৭), হাসান (২৮), জনি (২০) ও খায়রুল (৩০)সহ আরও কয়েকজন মিলে শিশুটিকে একটি গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে মারধর করে। নির্যাতনের এক পর্যায়ে জোরপূর্বক চুরির স্বীকারোক্তি আদায় করে তার মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়া হয় এবং সেই দৃশ্য ভিডিও ধারণ করে অভিযুক্তরা।
নির্যাতনের পর রিফাতকে ছেড়ে দেওয়া হলেও সে আর বাড়িতে ফিরে আসেনি। প্রবাস ফেরত স্বামীর অনুপস্থিতিতে মা রুমি আক্তার গত কয়েকদিন ধরে সন্তানের সন্ধানে দ্বারে দ্বারে ঘুরছেন। তিনি অভিযোগ করেন, ১৬ ফেব্রুয়ারি অভিযুক্তদের বাড়িতে গিয়ে রিফাতের বিষয়ে জানতে চাইলে তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এমনকি বিষয়টি পুলিশকে জানালে পরিবারের বড় ধরনের ক্ষতি করার হুঁশিয়ারি দেয় অভিযুক্তরা। বর্তমানে সন্তানের কোনো হদিস না পাওয়ায় তাকে হত্যা করে লাশ গুম করা হতে পারে বলে আশঙ্কা করছে পরিবার।
এ বিষয়ে অভিযুক্ত খায়রুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মারধরের বিষয়টি অস্বীকার করলেও মাথা ন্যাড়া করে দেওয়ার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, “তাকে শুধু ধরে এনে মাথার চুল কেটে দেওয়া হয়েছে। এখন শুনছি তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরাও তাকে খুঁজছি।” শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমদ জানান, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। নিখোঁজ শিশুটিকে উদ্ধার ও জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ