ফরিদপুরে পুকুর সেচে মিলল অস্ত্রের ভাণ্ডার

ফরিদপুরে পুকুর সেচে মিলল অস্ত্রের ভাণ্ডার

এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের কোতোয়ালি থানাধীন কানাইপুর আখ সেন্টার এলাকায় এক চাঞ্চল্যকর অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। একটি পুকুর সেচে তলদেশ থেকে ৪টি পিস্তলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা ৪০ মিনিট পর্যন্ত চলে এই বিশেষ অভিযান। গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট কর্নেল মিনহাজের নেতৃত্বে যৌথ বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা এতে অংশ নেন। পুকুরের পানি সেচ দিয়ে তলদেশ থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র খুঁজে বের করা হয়।

অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৪টি পিস্তল ও ১৬ রাউন্ড গুলি, ২টি কাটা পাইপগান ও ২ রাউন্ড গুলি, ৫টি চাইনিজ কুড়াল, ৬৫টি ছোট-বড় ছেনদা, ৮টি বল্লম, ৬টি ছোট-বড় চাকু, ১০১টি বর্ষার মাথা, ১টি টেটা এবং ৫টি খালি কাঁচের মদের বোতল।

যৌথ বাহিনী সূত্র জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য যৌথ বাহিনীর ক্যাম্পে নেওয়া হয়েছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে নাশকতার উদ্দেশ্যে এসব অস্ত্র মজুত করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন। এই ঘটনায় জড়িতদের শনাক্তে ইতিমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

মন্তব্য করুন